মুন্সিগঞ্জের গজারিয়ায় টহলরত হাইওয়ে পুলিশের গাড়িকে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে একজন সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডিউটিরত অবস্থায় হাইওয়ে পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পর আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাথমিক অবস্থায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের ওসি শাহ কামাল আখন্দ জানান, দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



