ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৩২ এএম
বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ–৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন (ফুটবল প্রতীক)-এর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন মাসুদ রানা। এ অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে দলীয় নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ ধানের শীষের প্রার্থীবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় কমিটি।