ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনেকেই ‘রঙিন স্বপ্ন’ দেখছে এককভাবে ক্ষমতায় যাওয়ার: রেজাউল করীম

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪৪ পিএম
বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের পক্ষে, ভালো মানুষের পক্ষে ভোট দিতে হবে। ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এবং ভালো মানুষ ও ভালো নীতি-আদর্শের পক্ষে যদি আপনারা সমর্থন দিতে চান, তাহলে আমি সকলকে অনুরোধ করছি আলহাজ্ব কে. এম. বিল্লাহকে সমর্থন করুন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলী মাদরাসা সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ওরা একা হয়ে গেছে। তারা ষড়যন্ত্র করেছিল শরিয়ত অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়ত কাকে বলে? আমরা নামাজ পড়ি—এটা শরিয়ত, আমরা রোজা রাখি—এটা শরিয়ত, আমরা হজ করি—এটাও শরিয়ত, আমরা দ্বীনি কার্যক্রম পরিচালনা করি—এটাও শরিয়ত। তারা যদি বলে শরিয়ত আইন দিয়ে দেশ চালাবে না, তাহলে কি তারা নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না?’

তিনি আরও বলেন, ‘তাহলে কি ধর্মীয় অনুপ্রেরণা ও নীতির আলোকে দেশ পরিচালনার ব্যবস্থা করবে না? তাহলে তারা কী করবে? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ মানুষ মুসলমান। সেই মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম, যা জীবনের চেয়েও মূল্যবান। কিন্তু আজ আমরা কী দেখছি?’

মুফতি রেজাউল করীম বলেন, অনেকেই রঙিন স্বপ্ন দেখছে এককভাবে ক্ষমতায় যাওয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আল্লাহ আছেন। আমরা দেশকে ভালোবাসি। অথচ তারা দেশকে ভালোবাসার নামে গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে। আমরা দেশকে ভালোবাসি, আর তারা দেশপ্রেমের নামে ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বৈঠক করে—এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনী জনসভায় মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাহ হোসাইন।

এ ছাড়াও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. সুমন দেওয়ান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানা উল্লাহ কাসেমীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।