মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহ সানিয়াত (৩২), হোসাইন মোহাম্মদ সাকিব খান (৩০) ও তুর্জয় মাঝি (৩০)।
জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শাহ সানিয়াত ও সাকিব খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

