ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৮ তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার মাসুদ রানা (৩০) ও ঝিনাইদহ জেলার বাসিন্দা সায়েম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণকাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করতেন। বিকেলে কলেজ রোড এলাকার একটি বহুতল ভবনে কয়েকজন শ্রমিক লিফট স্থাপনের কাজ করছিলেন। এ সময় দুই শ্রমিক ৮ তলা থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বহুতল ভবনের মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোনো ধরনের গাফিলতি নেই।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


