মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলু পরিবহনের কাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল সদৃশ একাধিক পটকা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়ন-এর ষোলআনী গ্রাম সংলগ্ন একটি আলুর ক্ষেতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাহাবুব (৩০), মহসিন (৪২) ও মমিন (২৯)। তাদের মধ্যে দুজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলআনী গ্রামের এক কৃষক তার জমির আলু কম খরচে পরিবহনের জন্য একটি ট্রাক্টর ভাড়া করেন। এ সময় একই ইউনিয়নের পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের সালাউদ্দিন, শাকিল, আলম ও ফারুক এতে বাধা দেন। আলু হিমাগারে নেওয়ার পথে পরিবহন কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে মমিন, মাহাবুব ও মহসিন আহত হন। পরে সালাউদ্দিন ও আলমের পক্ষের আরও কয়েকজন ঘটনাস্থলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্তত পাঁচটি পটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্রতি বছর আলু উত্তোলনের মৌসুম এলে ইমামপুর ইউনিয়নে ট্রলি ও ট্রাক্টর দিয়ে আলু পরিবহনের কাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত বছরও একই ব্যবসা নিয়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল বলে এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, স্থানীয় সূত্রে আমরা ঘটনার খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন