মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু দিয়ে ফসলি জমি ভরাটের দায়ে একটি হাউজিং কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উত্তোলিত বালু ব্যবহার করে ফসলি জমি ভরাট করা হচ্ছিল।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ‘মাতৃভূমি সিটি’ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত কর্মকর্তারা সংশ্লিষ্টদের ভবিষ্যতে অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করেন এবং চলমান ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


