ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল ছাত্রলীগ নেতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০১:৩১ এএম
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে ৭৬ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ডসংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধার নাম মো. ওয়াহিদুজ্জামান নাঈমুল। তিনি উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তুহিন প্রধান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। তিনি দনিয়া কলেজ শাখার সহসভাপতিও বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির পক্ষের সঙ্গে ওয়াহিদুজ্জামান নাঈমুলের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের জন্য তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে তুহিন প্রধানসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালান। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওয়াহিদুজ্জামান নাঈমুল বলেন, প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন প্রধান ও তার ছোট ভাইসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। আগের রাতেও তারা হুমকি দিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, তুহিন প্রধান একজন চিহ্নিত অপরাধী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। সরকার পরিবর্তনের পর কারাভোগ শেষে জামিনে বের হয়ে এলাকায় আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।