মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৬টায় নিজ জন্মস্থান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ বিএনপির হাজারো নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।
এর আগে দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে শেষবারের মতো এক নজর দেখতে অশ্রুসিক্ত নয়নে ছুটে আসেন হাজারো মানুষ। উপস্থিত হন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধারাও।
এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মিজানুর রহমান সিনহা। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।


