ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় প্রকৌশলী সিরাজ-উ-দৌল্লা তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী তিন কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে প্রাপ্ত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা বেজে ১০ মিনিটে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে ঢোকার আগে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় এ ঘটনা ঘটে। তারাকান্দি থেকে ময়মনসিংহ রেলস্টেশন হয়ে ঢাকাগামী অগ্নিবীণা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটিতে সহস্রাধিক যাত্রী ছিল।
স্থানীয় আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে উঠে দেখি, যাত্রীরা হুড়োহুড়ি করে নামছে। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যারা রেলের পাত কেটেছে, তারা দেশের শত্রু। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
রফিকুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী দোসরা এমন কাজ করে থাকতে পারে। বিএনপির পক্ষে এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়।
বিভাগীয় প্রকৌশলী সিরাজ-উ-দৌল্লা বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে। উদ্ধারকাজ চলমান। দুর্বৃত্তরা রেলের পাতা খুলে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এর পর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।


