ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের সাথে ট্রাকে ধাক্কায় ইমরুল কায়েস ফারদিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ফারদিন এর বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামে। তিনি আনন্দ মোহন কলেজে এইচএসসি বিজ্ঞান শাখায় লেখাপাড়া করতেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের জালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, ইমরুল কায়েস ফারদিন আনন্দ মোহন কলেজে লেখাপড়া করার সুবাদে সপরিবারে ময়মনসিংহ নগরীর নজরুল সেনা গলি ভাড়া বাসায় বসবাস করতেন। আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) তার মামা আমেরিকা চলে যাওয়ার কথা রয়েছে। এমন খবরে মামাকে বিদায় জানাতে ফারদিনের মা-বাবাসহ নানার বাড়ি নান্দাইলের বাহাদুর নগর গ্রামে বেরাতে আসেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মোটরসাইকেলযোগে নানার বাড়ি থেকে নান্দাইল যাওয়ার পথে জালুয়া বাজার এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ফারদিন গুরুতর আহত হন। পরে স্থানীয় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুর ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ফারদিনের মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা বিনাময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ স্বজনদের কাছে বুজিয়ে দেওয়া হবে।

