ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি ভোটকেন্দ্রে প্রবেশ করে পাঁচ তরুণ একটি ভোট কক্ষ দখল করে ব্যালট পেপারে দেদার সিল মারার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখার পর পুনরায় ভোট শুরু হয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় প্রিসাইডিং কর্মকর্তাকে।
জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার পর তরুণদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় একটি বুথে পাঁচ তরুণ ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তখন উপস্থিত ছিলেন না। ভোট কক্ষে সিল মারার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়।
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোন প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি আলোচনায় আসার পরপরই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। তবে তারা কোন প্রতীকে সিল মেরেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৫ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে।



