ময়মনসিংহের ভালুকায় এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ভালুকা উপজেলার বাটাজোর এলাকার সাইফুল ইসলামের ছেলে সিয়াম আহম্মেদ (১৯) এবং একই উপজেলার হবিরবাড়ি কড়ইতলা মোড় এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।
এর আগে বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদ এবং একই রাতে জামিরদিয়া চেয়ারম্যানবাড়ি মোড় এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম শুরু করে পুলিশ। গ্রেপ্তার আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার মূল ভূমিকায় ছিলেন। কারখানার গেটে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্র করেন। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ মহাসড়কে নিয়ে উত্তেজিত জনতার মাধ্যমে নির্যাতনে সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ি থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বিভাজকের একটি গাছে ঝুলানো অবস্থায় স্লোগান দেন। উপস্থিত জনতাকে উত্তেজিত করে মরদেহের ওপর বর্বরোচিত নির্যাতন করে এবং স্লোগান দিয়ে অন্যদেরও নির্যাতন চালাতে উৎসাহিত করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দীপু চন্দ্র দাস হত্যায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত বছরের ১৮ ডিসেম্বর সন্ধ্যার পর ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।
নিহত দীপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানিতে কাজ করছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন