ময়মনসিংহের ত্রিশালে লাবিব (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত লাবিবের বাবা সোহাগ মিয়া পলাতক রয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় সড়কের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লাবিব ওই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সোহাগ মিয়া চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত লাবিবের বাবা সোহাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধিক বিয়ে করেছেন এবং নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী।
পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে লামিয়া তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়।
এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করি। ঘটনার পর থেকে শিশুর বাবা সোহাগ পলাতক রয়েছেন। এটি একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


