ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সব ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে এবং বস্তিবাসী এই অধিকারের বাইরে নয়। তারাও যেন সাধারণ মানুষের মতো উন্নত ও মানসম্মত জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার বস্তি এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে তিনি বস্তির সরু গলিগুলো ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন দায়িত্ব গ্রহণ করেছে এবং জনগণের সেবা করাই তাদের প্রধান লক্ষ্য।

ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকও অল্প সময় আগে দায়িত্ব নিয়েছেন এবং তিনি জনসেবায় আন্তরিক। মাঠপর্যায়ে এসে বাস্তব পরিস্থিতি দেখে বস্তিবাসীর জীবনযাত্রা ও সমস্যাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ও সিটি প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। বস্তিবাসীদের আবাসন, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেকে কেউ বঞ্চিত থাকবে না।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা (ময়মনসিংহ-৫) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। এছাড়াও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।