ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিষ প্রয়োগে একটি গরু ও সাতটি ছাগল হত্যা এবং পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে ওয়াসিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওয়াসিম মিয়া জানান, গরু, ছাগল ও মাছই ছিল তার আয়ের প্রধান উৎস। রাত ১২টার দিকে গোয়ালঘর ও পুকুর দেখে তিনি বাড়ির পাশের দোকানে চা পান করতে যান। রাত ২টার দিকে আবার সবকিছু দেখে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন একটি গরু ও সাতটি ছাগল নিস্তেজ অবস্থায় পড়ে আছে। পরে পরিবারের সদস্যদের ডাকলে তারা এসে দেখতে পান, প্রাণীগুলো মারা গেছে।
পরে পুকুরে গিয়ে দেখা যায়, মাছও ভেসে উঠেছে। তিনি অভিযোগ করেন, তার মেয়ের জামাই রাসেল এ ঘটনা ঘটিয়েছে।
ওয়াসিম মিয়ার দাবি, গত দুই বছর ধরে তার মেয়ে ও জামাই তার বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে তিনি মেয়েসহ জামাইকে বাড়ি ছাড়তে বলেন। এর জের ধরেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।
তিনি আরও জানান, অভিযুক্ত রাসেল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আতোয়ার আলীর ছেলে।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি মো. তানবীর আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-20260415201520.webp)

