ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে শিয়ালের কামড়ে আক্রান্ত ১৪, ভ্যাকসিন পেয়েছেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:০৩ এএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে একদিনে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের ১১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে একই পরিবারের ১১ জন এবং গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরও ৩ জন শিয়ালের কামড়ে আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি শিয়াল ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বাড়ির সদস্যরা শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে একে একে ১১ জনকে কামড়ে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। একই সময়ে উপজেলার অন্য একটি গ্রামেও তিনজন শিয়ালের আক্রমণের শিকার হন।

আহতদের মধ্যে গুরুতর বিবেচনায় পাঁচজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিস ভ্যাকসিন ও আইজি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তারা হলেন— হুমায়ুন (১৪), ফাতেমা আক্তার (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক রচি বলেন, ‘র‍্যাবিস অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ। তাই আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বাকিদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় র‍্যাবিস ভ্যাকসিন ও আইজি র‍্যাবিস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বন্য প্রাণীর কামড়ের ঘটনায় দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।’