ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:২৭ এএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত ৩০ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (১ জুন) সকাল ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ শিশু। বর্তমানে হাসপাতালে ১০২ শিশু চিকিৎসাধীন।

গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়ে ১ হাজার ৭৭৩ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬২৭ শিশু। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীনে মারা গেছে ৪৪ শিশু।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।