ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে এক হাজং কিশোর এবং গফরগাঁওয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— ধোবাউড়া উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের অশিল হাজংয়ের ছেলে অর্গ হাজং (১৭) এবং গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী আরিফা ইসলাম (৪২)।
বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ধোবাউড়া উপজেলার উত্তর লাঙ্গলজোড়া এলাকায় বজ্রপাতে অর্গ হাজং নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্গ হাজং বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা দেন। পথে উত্তর লাঙ্গলজোড়া এলাকার বন্ধন মান্দির বাড়ির সামনের কাঁচা সড়কে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে, মঙ্গলবার (৩ জুন) ভোর রাতে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে সাপের কামড়ে আরিফা ইসলাম নামে এক গৃহবধূর মৃত্যু হয়।
নিহতের স্বামী, স্থানীয় প্রতিবন্ধী একাডেমির পরিচালক ও প্রতিষ্ঠাতা মো. খায়রুল ইসলাম বলেন, বসতঘরের ফ্রিজ খুলে ডিম আনতে গেলে তার স্ত্রীকে সাপে কামড় দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

-20260604085025.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন