ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফেরার পথে বাসচাপায় মো. আতিকুর রহমান আতিক (৭০) নামে এক অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি সপরিবারে নান্দাইল পৌর সদরের সমূর্তজাহান মহিলা কলেজ সংলগ্ন নিজ বাসভবনে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিনি নিজ বাসা থেকে নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যান। বিল পরিশোধ শেষে মহাসড়ক পার হয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ-ভৈরব রুটে চলাচলকারী ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ‘শ্যামল ছায়া’ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

