ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভোলা পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি : সংগৃহীত

ভোলা সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা এবং গত প্রায় দুই বছর ধরে ভোলা সদর কোর্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে আদালতে নির্ধারিত ডিউটিতে তিনি উপস্থিত না হওয়ায় সহকর্মীরা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে তারা বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে দরজা খুলে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে তার একমাত্র মেয়ে এসএসসি পরীক্ষার্থী তৈয়বা জাহান চৈতির মৃত্যু হয়েছিল। স্থানীয়দের মতে, ওই ঘটনার পর শাহাবুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে বর্তমান মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ।