ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ জেলায় ‘জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলা রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত।’

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন।

তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।