ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১০৫ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু। এর মধ্যে ১৫ হাজার ৬৬০ শিশুর শরীরে পরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ শিশু এবং হাম আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।