ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পাঁচ দাবিতে আগামীকাল থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি : সংগৃহীত

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

সমিতির পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে— অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোলমুক্ত (টোল-ফ্রি) ব্যবস্থা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোলমুক্ত সুবিধা প্রদান এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

সমিতির নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় অ্যাম্বুলেন্স সেবা পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে রোগী পরিবহন ও জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, হঠাৎ করে দেশজুড়ে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণায় জরুরি রোগী পরিবহন ও হাসপাতালসেবায় ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রোগীদের স্বজনেরা।