কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে জব্দকৃত প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে বিভিন্ন সময়ে জব্দ করা এসব মাদক সোমবার (২৮ জুলাই) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদরে আয়োজিত অনুষ্ঠানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়নের অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়।
অন্যদিকে নীলডুমুর ব্যাটালিয়নের অনুষ্ঠানে যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নীলডুমুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সোমবার ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাজাতীয় দ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২ দশমিক ৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
অনুষ্ঠানে কুমিল্লা ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

