ময়মনসিংহের গৌরীপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়নকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এখলাস উদ্দিন নয়নের বাড়ি গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামে। তিনি ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালিয়ে নয়নকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরের দিন বুধবার বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন জানান, নয়নকে ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


