ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী জামানত হারাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আসনের ১১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়।
ঘোষিত ফল অনুযায়ী, এ আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে পারেননি।
স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (মোটরসাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৬৩৮ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) পেয়েছেন ৫৫৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৮৩৩ ভোট। নিয়ম অনুযায়ী নির্ধারিত ভোটের হার পূরণ না করায় তারা জামানত হারাচ্ছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে ২ লাখ ৩২ হাজার ৯২৩টি ভোট পড়েছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৯ ভোট।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। রাণীনগর উপজেলায় ৬৬.৪৩ শতাংশ এবং আত্রাই উপজেলায় ৬৮.১২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ ছাড়া গণভোটে এ আসনে ১ লাখ ৪৭ হাজার ৬১৮ জন ‘হ্যাঁ’ এবং ৫৮ হাজার ৫৩৭ জন ‘না’ ভোট দিয়েছেন।


