জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, একসময় যারা বলতেন ‘শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, আওয়ামী লীগ পালায় না’, সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এখন দিল্লিতে যেতে হয়েছে। তবে সেখান থেকে বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, আপনি (শেখ হাসিনা) যখন ক্ষমতায় ছিলেন, তখনও আমরা আপনার চোখে চোখ রেখে বুক টানটান করে দাঁড়িয়েছি। গুলি করেও আমাদের দমন করতে পারেননি। আজ কোনো গায়েবী গুয়া থেকে হুমকি দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন না।
এ সময় সারোয়ার তুষার তারেক রহমানকে (বর্তমান প্রধানমন্ত্রী) উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে নতুন যে নাটক শুরু করেছেন এ নাটক বাংলার মানুষ খায় না। তাকে চিকিৎসার কথা বলে লন্ডন পাঠালেন আর এখন বলছেন তিনি নাকি গুরুতর অসুস্থ এই কারণে তাকে পদত্যাগ করতে হবে। আমরা আগেই বলেছিলাম তাকে পদত্যাগ করতে হবে তখন আপনার দল তাকে পদত্যাগ না করায়ে সংসদে তার বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তার হাতেই শপথ নিয়ে সংসদে গিয়ে নতুন সরকারকে কলঙ্কিত করেছেন। এখানে আমাদের সমাবেশকে কেন্দ্র করে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন ভুলে যাইয়েন না জুলাই মাসে হেলিকপ্টার থেকে গুলি করেও এদেশের মানুষকে থামানো যায় নাই কাজেই হুমকি দিয়ে লাভ নাই। আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই পায়ে পাড়া দিয়ে শত্রুতা করতে আসবেন না।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলি হাসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা মাহমুদা মিতু, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

