রূপগঞ্জে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেছেন, রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রতিষ্ঠিত করা পরিকল্পনাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তৎকালীন যিনি রূপগঞ্জের দায়িত্বে ছিলেন সেটার জন্য তিনিই দায়ি। সে সময় যদি পূর্বাচল উপশহর না করে বর্তমানে যে ৩০০ ফিট সড়কের মত কিছু সড়ক নির্মান করে যেত, তবে রূপগঞ্জবাসী আজ অনেকটা সুফল পেত। শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারত।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূইয়া ও সদস্যদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া ও সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে কর্মী সমর্থকদের নিয়ে এমপি দিপু ভূইয়ার সঙ্গে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, রূপগঞ্জ ইউনিয়নকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য ইউনিয়নে স্থানীয় ব্যক্তিদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও রূপগঞ্জ ইউনিয়নের ক্ষেত্রে স্থানীয় কাউকে দায়িত্ব না দিয়ে একজন এসিল্যান্ডকে প্রশাসক করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জবাসীর এই কষ্ট আমি অনুভব করি। অতীতের সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবে ভবিষ্যতে রূপগঞ্জবাসীর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
সংসদে পাস হওয়া একটি বিলের মাধ্যমে রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঢাকার আওতায় নেওয়ার উদ্যোগ রয়েছে। এ বিষয়ে তিনি রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে জনগণকে রাজপথে নেমে নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে অংশ নিতে হবে। রূপগঞ্জবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজন হলে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সকলকে নিয়ে রূপগঞ্জ ইউনিয়নকে মাদক মুক্ত করতে সর্বাত্বক চেষ্টা করব। প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি করা হবে। রূপগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

