ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার গাড়িতে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৪৩ এএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানের শীষের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের সাবেক এক নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। গাড়ি চলমান থাকায় ভাগ্যক্রমে গুলি তাদের গায়ে লাগেনি। 

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবর্ষণের শিকার হন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী আমির হোসেন। তিনি নিজেই তার ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে তার সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনভর মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির টিভি মনিটর মেরামত করান আমির হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে থাকা দুজন যুবক চলন্ত গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনার বর্ণনায় সাদেকুর রহমান বলেন, আড়াইহাজার থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হঠাৎ মোটরসাইকেল আরোহীরা গুলি চালায়। গাড়ি চলমান থাকায় ভাগ্যক্রমে গুলি তাদের গায়ে লাগেনি। হামলাকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং তাঁদের মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানান তিনি।

গুলিবিদ্ধ গাড়িটি নিয়ে নিকটবর্তী দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় তারা আড়াইহাজার থানায় যান।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ছাত্রদল নেতার গাড়িতে গুলি চালানোর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।