ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:১১ পিএম
রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। মামলার ১ নম্বর আসামি ছানোয়ার ওই কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভিকটিমকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত ১৬ ফেব্রুয়ারি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, আসামি ছানোয়ার ২ নম্বর আসামি নুরুর সহায়তায় ইতোপূর্বে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তবে সব বাধা উপেক্ষা করে কিশোরীর বাবা রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুরু মিয়া (৬৭) ও ফালান (৫০)। গ্রেপ্তারকৃত উভয় আসামিই রূপগঞ্জ থানার নরাবটেক এলাকার বাসিন্দা।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।