ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ইন্ড ইউজার কানেকটিভিটি কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু সাঈদ। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তে দ্রুতগতির ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) তানজিলা ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ইন্ড ইউজার কানেকটিভিটি কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত ব্যবহারকারীদের সরাসরি সংযুক্ত করা হচ্ছে, যাতে তারা সহজে ই-সেবা গ্রহণ করতে পারেন। এ সংযোগ কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই অংশগ্রহণকারীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলার নাগরিকদের প্রযুক্তিনির্ভর সেবার আওতায় আনা হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় পর্যায়ে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে সরকারি সেবাগুলো আরও সহজ ও সময়োপযোগীভাবে প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্টদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয়। এতে ভবিষ্যতে সেবার মান উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে আয়োজকরা জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সহজলভ্য করে স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।


