ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদকাসক্ত ছেলের হামলায় বাবা-ভাই টেঁটাবিদ্ধ, অস্ত্র উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় তার পিতা ও বড় ভাই টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছোট ছেলে কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক বিরোধের জেরে বুধবার সকালে হঠাৎ উত্তেজিত হয়ে সে তার বড় ভাই রবিউল ও পিতা ইদ্রিস আলীর ওপর টেঁটা দিয়ে হামলা চালায়। এতে বাবা ও বড় ভাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এ সময় গ্রামবাসী জড়ো হলে হামলাকারী কাউসার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাবা ও ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এলাকায় আতঙ্ক এবং লোমহর্ষক পরিস্থিতি সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযুক্ত কাউসার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’