ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০০ ফিট সড়কে রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৩৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট ৩ নম্বর ইন্টারসেকশনের আন্ডারপাসের পাশে প্রাইভেটকার রেসিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন তরুণ আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাতে ঢাকাগামী ছয়টি প্রাইভেটকারে থাকা উঠতি বয়সের তরুণরা রেসিং করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি পাঁচটি প্রাইভেটকার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ছয়টি প্রাইভেটকার ছিল এবং এতে চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।