নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে বন্দর থানার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।
র্যাব জানায়, দিপু দীর্ঘদিন ধরে বন্দরের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


