নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামশাই বাজার এলাকায় সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ৩ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মতিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মতিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ক্ষমতার পরিবর্তনের পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মতিনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি এখনো এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মতিনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে রূপগঞ্জ থানার ঘেরাও করারও ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী মতিনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।
এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন