নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা আটক ব্যক্তিসহ পাঁচজনকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার (৬ মে) বিকেলে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায়। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিনজনকে আটক করা হয়।
এ সময় খবর পেয়ে স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল দুর্বৃত্ত চাপাতি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে ফতুল্লা থানার আরেকটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হাতকড়া পরা আব্দুল্লাহসহ আটক পাঁচজনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, হাসেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপ একটি টিনশেড বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সংঘবদ্ধ হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
তিনি আরও জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


-20260506192847.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন