বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র ফিরে এসেছে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া।
মঈন খান আরও বলেন, আগামী পাঁচ বছরে সরকার সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক মুক্তিসহ নাগরিকদের সব ধরনের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে। জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।
ইফতার মাহফিলে বক্তব্য দেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের মধ্যে কোনো বিভেদ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল কবির খোকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, গণবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন।

