ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এক মাস বয়সি চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুর থেকে চুরি হওয়া এক মাস বয়সি শিশু কন্যা নিঝুম উদ্ধার হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় একই উপজেলার নবীনগর গ্রাম থেকে শিশুটি চুরি হয়েছিল।

লালপুর থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে ১৫ বছর বয়সি এক কিশোরী দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে।

মেয়েটি নিজেকে অসহায় দাবি করে আশ্রয় প্রার্থনা করে। মানবিক দিক বিবেচনা করে জালাল উদ্দিনের পরিবার কিশোরীকে বাড়িতে থাকতে দেন।

কিন্তু সন্ধ্যার দিকে ঐ কিশোরী সবার অগোচরে ঘরে থাকা জালাল উদ্দিনের এক মাস বয়সি কন্যা নিঝুমকে নিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেও কারও সন্ধান পাননি। বিষয়টি তারা পুলিশকে জানালে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়।

রোববার (১৫ মার্চ) সকালে একই উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে শিশুটিকে ফেলে রেখে যায় চোরচক্র।

এক নারী শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও শিশুটির মা-বাবা সেখানে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন।

ওসি জানান, বিষয়টি তদন্তের জন্য শিশুটি ও তার পরিবারের লোকজনকে থানায় আনা হয়েছে। চোরকে সনাক্ত করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।