জ্বালানি তেল পরিবহন ও বণ্টনে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে নাটোরের। একটি তেলবাহী ট্যাংকার থেকে প্রায় ২ হাজার লিটার পেট্রোল ও ডিজেল গন্তব্যে না পৌঁছানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার জামতলী এলাকায় যমুনা অয়েল কোম্পানির ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে এ ঘটনা ধরা পড়ে। অভিযানে তেলবাহী ট্যাংকারটি পরিদর্শনের সময় নির্ধারিত পরিমাণের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কম পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, জেলা প্রশাসনের নির্দেশে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। সিংড়া উপজেলার একাধিক ফিলিং স্টেশনেও এ সময় তদারকি করা হয়।
তদন্তে জানা যায়, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার এবং সমপরিমাণ ৪ হাজার ৫০০ লিটার পেট্রোলের মধ্যে ১ হাজার ৫০০ লিটার তেল নির্ধারিত গন্তব্যে না গিয়ে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মোট প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেল অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আসে।
বিনা অনুমতিতে অন্যত্র জ্বালানি বিক্রির দায়ে ট্যাংকারের ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও আরও জানান, জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন