নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে লিখন রহমান খান ওরফে ভোলা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নওশেরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিখন রহমান খান উপজেলার আরাজি মাড়িয়া (নওশেরা) গ্রামের বাসিন্দা মোশারোফ হোসেন খান মশারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং তার শারীরিক ওজনও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মালঞ্চি বাজারে থাকা তাদের কাঁচামালের দোকান থেকে বাড়িতে যান লিখন। পরে একটি ঠেলা জাল নিয়ে বড়াল নদীতে মাছ ধরতে নামেন। বিকেল আড়াইটা থেকে তিনটার মধ্যে কোনো এক সময় তিনি নদীর পানিতে উপুড় হয়ে পড়ে যান।
এ সময় তার ফুপু বেদেনা খাতুন নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন