নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় কেলি হেয়ার নামে একটি চায়না প্রকল্পের নির্মাণাধীন কাজে বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এলাকার ঠিকাদার আবিদুনের অভিযোগ, প্রকল্পের ভরাট কাজে বালু ফেলার সময় কদিমচিলান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল বারী তার কাছ থেকে প্রতি গাড়ি বালুর জন্য ৪০০ টাকা করে দাবি করে বলেন, তিনি প্রতিমন্ত্রী পুতুলের নির্দেশনায় প্রকল্পটির দেখভাল করছেন এবং এ কারণে প্রতি গাড়ি ভরাট বালুর জন্য নির্ধারিত হারে টাকা দিতে হবে। ঠিকাদার আবিদুন আরও জানান, পরিস্থিতির কারণে তিনি নিরুপায় হয়ে ওই টাকা দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বারীর মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন