নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান আলী উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে।
এর আগে, ঘটনার পরদিন বুধবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অসুস্থ থাকায় গত মঙ্গলবার মেয়েকে বাড়িতে একা রেখে তার মা অসুস্থ স্বামীকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহীতে যান এবং সেদিন রাতেই সেখানে অবস্থান করেন।
পরদিন বুধবার সকালে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হাসান আলী ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হাসান আলীকে শুক্রবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


