নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকায় মাদকবিরোধী অভিযানের প্রস্তুতিকালে মাদক কারবারিদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে পদ্মা নদীসংলগ্ন নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাদা পোশাকে র্যাবের একটি দল নবীনগর এলাকায় মাদক উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় সোহাগের নেতৃত্বে একদল ব্যক্তি র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ সদস্য আহত হন।
পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, র্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, র্যাবের চার সদস্য আঘাতজনিত কারণে চিকিৎসা নিয়েছেন। এছাড়া শাহীন নামে এক র্যাব সদস্য পেটব্যথাজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

