নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা মিলন জানান, শনিবার মালঞ্চি গরুর হাটে গরু কেনাবেচার জন্য এসেছিলেন মধু। এ সময় একটি মোবাইল ফোনকল পেয়ে তিনি কথা বলতে বলতে রেললাইনের সেকশন পিলার ২২৭/৪-এর কাছে স্লিপারের ওপর বসে পড়েন। ঠিক তখনই লালমণিরহাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমণি এক্সপ্রেস মালঞ্চি স্টেশন অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।
স্থানীয়রা জানান, মধু নিয়মিত মালঞ্চি গরুর হাটে গরু কেনাবেচার কাজে আসতেন।
শান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

