নির্বাচনী প্রচারণা শুরুর দিকেই উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) সংসদীয় আসন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পৃথক দুটি ঘটনায় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নির্বাচনী প্রচারণায় হামলা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত মাইকবাহী একটি অটোরিকশায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লোহার রড দিয়ে অটোরিকশা ও প্রচার মাইক ভাঙচুর করে। এ ঘটনায় আজিজুল ইসলাম (২৬) নামের এক প্রচারকর্মী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী কলেজ মোড় এলাকায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ধানের শীষের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর কর্মসূচিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।
পরপর দুটি সহিংস ঘটনার পর নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন