ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নাজিরপুর পোস্ট অফিস এখন ময়লার ভাগাড়

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০১:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

একটা সময় দূরের মানুষের খবরাখবর, ভালোবাসার চিঠি কিংবা সরকারি সব জরুরি কাজের একমাত্র ভরসা ছিল ডাকঘর। ৮০-৯০ দশকের সেই সোনালি দিনগুলো আজ কেবলই স্মৃতি। সময়ের স্রোতে চিঠির ব্যবহার হারিয়ে যাওয়ার সাথে বেহাল হয়ে পড়েছে গ্রামগঞ্জের পোস্ট অফিসগুলো। তারই বাস্তব চিত্র মিলল কলমাকান্দা উপজেলার নাজিরপুর পোস্ট অফিসে গিয়ে।

সরেজমিনে দেখা যায়, নাজিরপুর পোস্ট অফিস ভবনটি এখন জরাজীর্ণ। দেয়ালে ফাটল, ছাদে শ্যাওলা। ভবনের ভেতর-বাইরে ময়লা-আবর্জনার স্তূপ। দেখে বোঝার উপায় নেই এখানে কখনো ডাক সেবা চালু ছিল। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ভবনটি এখন এলাকার মানুষের কাছে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, ২০-২৫ বছর আগেও এই পোস্ট অফিসে প্রতিদিন শত শত চিঠি আসত। প্রবাসী স্বজনদের মানি অর্ডার, পরীক্ষার রেজাল্ট, সরকারি নোটিশ—সবকিছুর কেন্দ্র ছিল এটি। কিন্তু সময় বদলের সাথে পোস্ট অফিসটি ধীরে ধীরে অবহেলার শিকার হয়। এখন আর কোনো তদারকি নেই, খোঁজও নেয় না কেউ।

এ বিষয়ে নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘এখানে পোস্ট অফিসের যে ভবনটি আছে, এটি একদম পরিত্যক্ত। পোস্ট অফিসের কর্মকর্তা আমার কাছে একটি রুম চেয়েছেন। আমি ইউনিয়ন পরিষদের একটি রুম প্রাথমিকভাবে দিয়েছি তাদের কার্যক্রম চালানোর জন্য।’

পোস্ট অফিসের কর্মরত কর্মকর্তা মো. আবুল হাসান বলেন, ‘আমাদের পোস্ট অফিসের নিজস্ব কোনো ভবন নেই। আমরা ইউনিয়ন পরিষদের একটি রুম ব্যবহার করছি। আমাদের স্থায়ী একটি রুম হলে ভালো হতো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।’

একসময় মানুষের আবেগ-অনুভূতির সেতুবন্ধন ছিল যে ডাকঘর, কালের বিবর্তনে তা এখন শুধুই স্মৃতির এক জীর্ণ সাক্ষী। নাজিরপুর পোস্ট অফিসের এই বেহালদশা দেখে প্রশ্ন জাগে, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলো কি এভাবেই হারিয়ে যাবে কালের গর্ভে?