নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ২০২৬।
মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের ২৬ জুলাই নাজিরপুরে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হওয়া সাত বীর মুক্তিযোদ্ধার স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোণা জেলা ইউনিট কমান্ড এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসের শুরুতে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় সাত শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান। শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয় এবং মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পরে লেংগুরা বন্যা আশ্রয়কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ইউএনও মো. শামছুজ্জামান আসিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ জুলাই নাজিরপুরের যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সাত বীরের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, ওই দিন কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে টাইগার কোম্পানির মুক্তিযোদ্ধারা নাজিরপুরে অ্যাম্বুশ নিলে পাকবাহিনীর হামলায় আবদুল আজিজ, ফজলুল হক, ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামাল উদ্দিন শহীদ হন।

