সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খোকন বলেন, বাংলাদেশের রাজনীতিতে কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। আমরা বিএনপির লোকজন বাংলাদেশপন্থী।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের। আমরা সকলের অধিকারে বিশ্বাস করি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন।
তিনি আরও বলেন, আমরা চাটখিল-সোনাইমুড়ি এলাকা উন্নত নির্বাচনি এলাকা হিসেবে গড়ে তুলবো। শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দেওয়া হবে, প্রত্যেক শিশুকে স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং শিক্ষিত হওয়া নিশ্চিত করা হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, রাস্তাঘাট সংস্কার করা হবে। চাটখিল-সোনাইমুড়িতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ থাকবে না। সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, আমরা সবই করবো।
জনসভায় পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু।
বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুবন নবী বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি মো.সহেল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, তানভীর হাসান রবিন ও মিলন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন