বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে জাতীয় পার্টির (জাপা) তিনজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
যোগদানকারীরা হলেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহজাহান চৌধুরী, জাতীয় পার্টির সাবেক নেতা ও খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসফাউদৌলা সিদ্দিকী খোকন, জাতীয় পার্টির সাবেক নেতা ও চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া।
এ সময় যোগদানকারীরা বলেন, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সুযোগ পাওয়ায় তারা দলটিতে যোগ দিয়েছেন।
তারা জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিএনপির সঙ্গে থাকবেন এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, কেউ এমপি হলেও তিনি পুরো এলাকার প্রতিনিধি হন, কোনো নির্দিষ্ট দলের নয়। তাই দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এমন উদার রাজনীতির উদাহরণ, নিজের দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীর কাছ থেকেও সমান সম্মান পেয়েছেন।
সাবেক ইউপি চেয়ারম্যানরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


